নতুন করে বৈঠকের বিষয়ে ট্রাম্পের বক্তব্যের পর যা বলল ইরান

 


যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য নতুন শান্তি আলোচনা নিয়ে তৈরি হয়েছে নতুন বিভ্রান্তি। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসলামাবাদে ‘আগামী দুই দিনের মধ্যে কিছু হতে পারে’, অন্যদিকে ইরান জানিয়েছে—এ ধরনের কোনো বৈঠকের বিষয়ে তাদের কাছে নির্দিষ্ট তথ্য নেই।

বুধবার (১৫ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA-কে একটি কূটনৈতিক সূত্র জানায়, নতুন করে কোনো বৈঠকের বিষয়ে এখনো ‘কোনো তথ্য নেই’। যদিও তেহরান ও পাকিস্তানের মধ্যে বার্তা আদান-প্রদান হয়েছে, তবে তা এখনো চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি।

সূত্রটি আরও জানায়, আগের আলোচনা ব্যর্থ হওয়ার পরও পাকিস্তান মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইসলামাবাদে সম্ভাব্য আলোচনাকে সামনে রেখে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।

এদিকে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য নিয়ে ইরান আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। উল্লেখ্য, ৮ এপ্রিল ঘোষিত যুক্তরাষ্ট্র-ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতি আগামী ২২ এপ্রিল শেষ হওয়ার কথা, যা নতুন করে আলোচনার সম্ভাবনাকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে।

একই সময়ে ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছেন, ইরান যুদ্ধ ‘প্রায় শেষের পথে’। উপস্থাপক মারিয়া বার্টিরোমো-কে তিনি বলেন,
“আমি মনে করি এটি প্রায় শেষ। খুব কাছাকাছি শেষ হয়ে এসেছে।”

তিনি আরও বলেন,
“এখন যদি আমরা থেমে যাই, তাদের দেশ পুনর্গঠনে ২০ বছর লেগে যাবে। তবে আমরা এখনো শেষ করিনি। দেখা যাক কী হয়—আমার মনে হয় তারা চুক্তি করতে খুবই আগ্রহী।”

সাক্ষাৎকারের একটি অংশ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় ট্রাম্প বারবার ইরান যুদ্ধকে অতীতকাল হিসেবে উল্লেখ করছেন। এতে উপস্থাপক সরাসরি জানতে চান, যুদ্ধ শেষ হয়েছে কি না। জবাবে ট্রাম্প বলেন,
“এটা শেষ।”

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এমন বক্তব্য এবং ইরানের ভিন্ন অবস্থান মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে। সম্ভাব্য নতুন আলোচনা নিয়ে স্পষ্টতা না থাকায় কূটনৈতিক অগ্রগতি এখনো ঝুলে আছে।

Next Post Previous Post