নেত্রকোনায় ফ্রি ফায়ারকে কেন্দ্র করে হামলা, নারীসহ আহত ২

 


নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বাড়িঘরে হামলা, মারপিট, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। শনিবার (৪ এপ্রিল) উপজেলার গন্ডা ইউনিয়নের মনকান্দা গ্রামে এই ঘটনা ঘটে।


ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দা আবুল বাসার ভূইয়া চন্দনের বাড়িতে হামলা চালানো হয়। এতে নারীসহ অন্তত দুইজন আহত হন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সম্প্রতি জনপ্রিয় অনলাইন গেম Free Fire খেলা নিয়ে মনকান্দা গ্রামের রফিক ভূইয়ার ছেলে রাব্বির (১৫) সঙ্গে একই গ্রামের তানভীরের বাকবিতণ্ডা হয়। গত ২৫ মার্চ এ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী মৃত হান্নান ভূইয়ার ছেলে রূপাই তানভীরের পক্ষ নিয়ে রাব্বির সঙ্গে তর্কে জড়ায়। একপর্যায়ে বিষয়টি সংঘর্ষে রূপ নেয় এবং উভয় পক্ষের অন্তত ৪ থেকে ৫ জন আহত হন।

এরই জেরে শনিবার রূপাইয়ের পরিবারের সদস্যরা প্রতিশোধমূলকভাবে রাব্বির চাচা আবুল বাসার ভূইয়া চন্দনের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। হামলাকারীরা বাড়িতে ঢুকে মারধর, ব্যাপক ভাঙচুর এবং লুটপাট চালায়। এ সময় তারা নগদ প্রায় এক লাখ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে যায় বলে দাবি করেন ভুক্তভোগীরা।


ভুক্তভোগী আবুল বাসার ভূইয়া চন্দন অভিযোগ করে বলেন, অভিযুক্ত রূপাইয়ের বড় ভাই আবদুল গাফফার বাবুর নেতৃত্বে হামলাকারীরা বসতঘরসহ বিভিন্ন কক্ষে ভাঙচুর চালায়। এ সময় তার স্কুলপড়ুয়া ছেলে রিফাত ও বোনকে মারধর করা হয়। ঘরের আসবাবপত্র ভেঙে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নেওয়া হয়।


তবে অভিযুক্ত আবদুল গাফফার বাবু এসব অভিযোগ অস্বীকার করেছেন।


এ বিষয়ে কেন্দুয়া থানার ওসি মেহেদী মাকসুদ বলেন, “এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Next Post Previous Post