ইসরায়েলের হাইফায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২, আহত অন্তত ৭

 


মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে ইসরায়েলের হাইফা শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলায় অন্তত ২ জন নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানায়, নিহত দুই ব্যক্তি একটি ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছিলেন। পরে উদ্ধারকর্মীরা তাদের মরদেহ উদ্ধার করেন। এছাড়া ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা আরও অন্তত দুইজনকে উদ্ধারের চেষ্টা চলছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (৫ এপ্রিল) ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হাইফার একটি আবাসিক ভবনে আঘাত হানে। এতে ভবনটিতে আগুন ধরে যায় এবং ছয়তলা ভবনটি ধসে পড়ার ঝুঁকিতে পড়ে। ঘটনাস্থলে রাতভর তল্লাশি ও উদ্ধার অভিযান চালানো হয় এবং সোমবার সকালেও তা অব্যাহত ছিল।

অন্যদিকে, সোমবার (৬ এপ্রিল) মধ্য ইসরায়েল লক্ষ্য করে চালানো ইরানের আরেকটি ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৭ জন আহত হয়েছেন। ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা মাগেন ডেভিড আদোম (এমডিএ) জানায়, আহতদের মধ্যে অন্তত তিনজনের শারীরিক অবস্থা গুরুতর।

আহতদের মধ্যে ৩০ বছর বয়সী এক নারীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এছাড়া একই বয়সী এক পুরুষও গুরুতর আহত হয়েছেন। বাকিরা তুলনামূলকভাবে কম আহত হলেও চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিশ্লেষকদের মতে, ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। বেসামরিক স্থাপনায় হামলার কারণে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক মহল উত্তেজনা প্রশমনে কূটনৈতিক উদ্যোগ জোরদারের আহ্বান জানালেও দুই দেশের মধ্যে সংঘাত থামার কোনো ইঙ্গিত এখনো দেখা যাচ্ছে না।

Next Post Previous Post