আইআরজিসির গোয়েন্দা প্রধান সাঈদ মাজিদ খাদেমি নিহত, হামলার দায় স্বীকার ইসরায়েলের

 


মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর গোয়েন্দা প্রধান মেজর জেনারেল সাঈদ মাজিদ খাদেমি হত্যার দায় স্বীকার করেছে ইসরায়েল

সোমবার (৬ এপ্রিল) ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) তাদের এক টেলিগ্রাম বার্তায় জানায়, ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় আইআরজিসির গোয়েন্দা বিভাগের প্রধান খাদেমি নিহত হয়েছেন।

আইডিএফ এক বিবৃতিতে উপহাসের সুরে দাবি করে, জেনারেল খাদেমির মৃত্যু ইরানের জন্য বড় ধরনের ধাক্কা। সাম্প্রতিক সংঘাতে ইরানের একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তার মৃত্যু ঘটেছে, যার মধ্যে অনেক ক্ষেত্রেই ইসরায়েল বা যুক্তরাষ্ট্র পরে দায় স্বীকার করেছে।

তবে এবারের ঘটনায় কিছুটা ভিন্নতা দেখা গেছে। কারণ, ইরান নিজেই প্রথমে খাদেমির নিহত হওয়ার খবর প্রকাশ করে।

আইআরজিসি এক বিবৃতিতে জানায়, ভোরে ‘আমেরিকান-জায়নবাদী শত্রুদের’ এক সন্ত্রাসী হামলায় গোয়েন্দা প্রধান সাঈদ মাজিদ খাদেমি নিহত হয়েছেন। তারা এ ঘটনাকে ‘কাপুরুষোচিত’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে।

তবে হামলাটি কোথায় এবং কীভাবে পরিচালিত হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, জেনারেল খাদেমি এর আগে আইআরজিসির ইন্টেলিজেন্স প্রোটেকশন অর্গানাইজেশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে ২০২৫ সালের ১৫ জুন তিনি মোহাম্মদ কাজেমি-এর স্থলাভিষিক্ত হয়ে গোয়েন্দা প্রধানের দায়িত্ব গ্রহণ করেন।

বিশ্লেষকদের মতে, ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত এখন আরও স্পর্শকাতর পর্যায়ে পৌঁছেছে। শীর্ষ সামরিক কর্মকর্তাদের টার্গেট করে হামলার ঘটনা দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে।

বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আন্তর্জাতিক মহলের কূটনৈতিক উদ্যোগ অত্যন্ত জরুরি হয়ে উঠেছে।

Next Post Previous Post