চীনের গোয়েন্দা স্যাটেলাইট ব্যবহার করে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে ইরান
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের প্রেক্ষাপটে ইরানের সামরিক সক্ষমতা নিয়ে নতুন চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম Financial Times-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরান গোপনে একটি চীনা গোয়েন্দা স্যাটেলাইট সংগ্রহ করেছে, যা ব্যবহার করে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ‘TII-01B’ নামের এই স্যাটেলাইটটি চীনা প্রতিষ্ঠান Earth i তৈরি ও উৎক্ষেপণ করে। পরে ২০২৪ সালের শেষের দিকে এর নিয়ন্ত্রণ নেয় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (IRGC) অ্যারোস্পেস ইউনিট।
ফাঁস হওয়া সামরিক নথির বরাতে বলা হয়েছে, এই স্যাটেলাইটের মাধ্যমে মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ঘাঁটিগুলোর ওপর নজরদারি চালানো হয়। বিশেষ করে হামলার আগে ও পরে স্যাটেলাইট থেকে সংগৃহীত তথ্য ব্যবহার করা হয়েছে বলে দাবি করা হয়েছে।
এছাড়া চুক্তির অংশ হিসেবে ইরান বেইজিংভিত্তিক কোম্পানি Emposat-এর গ্রাউন্ড স্টেশন ব্যবহারের সুযোগ পায়। এর ফলে এশিয়া ও লাতিন আমেরিকার বিভিন্ন অঞ্চল থেকেও তারা স্যাটেলাইট ডেটা সংগ্রহ করতে সক্ষম হয়েছে।
প্রতিবেদন আরও জানায়, চলতি মার্চ মাসে সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটির ওপর নজরদারি চালানো হয় এবং পরবর্তীতে ওই ঘাঁটিতে হামলার ঘটনা ঘটে। একইভাবে জর্ডান, বাহরাইন ও ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর ওপরও হামলার সময় স্যাটেলাইট নজরদারি সক্রিয় ছিল।
তবে আন্তর্জাতিক সংবাদ সংস্থা Reuters এই তথ্যের স্বাধীন যাচাই করতে পারেনি। হোয়াইট হাউস, CIA, পেন্টাগন কিংবা চীনা কর্তৃপক্ষের পক্ষ থেকেও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে, চীনা দূতাবাস এই অভিযোগকে ‘ভিত্তিহীন অপপ্রচার’ বলে উড়িয়ে দিয়েছে।
বিশ্লেষকদের মতে, যদি এই তথ্য সত্য হয়, তাহলে এটি মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে একটি বড় কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত দেয়। স্যাটেলাইট নজরদারির মাধ্যমে ইরান তাদের সামরিক হামলাকে আরও নিখুঁত ও কার্যকর করতে সক্ষম হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
