জনগণের দাবির প্রেক্ষিতেই জ্বালানির দাম বেড়েছে': রুহুল কবির রিজভী

 


জনগণের দাবির প্রেক্ষিতে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে বলে দাবি করেছেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, জ্বালানি তেল ও গ্যাস সংকটকে কেন্দ্র করে যেন কোনো সিন্ডিকেট তৈরি না হয়, তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টন-এ দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। এই কর্মসূচি অনুষ্ঠিত হয় সাবেক বিএনপি নেতা ইলিয়াস আলী-এর সন্ধানের দাবিতে।

রিজভী বলেন, “জনগণের কাছ থেকে ডিমান্ড এসেছে, তখনই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। মূলত জনগণের দাবির পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

তিনি আরও অভিযোগ করেন, জ্বালানি সংকটকে কেন্দ্র করে কোনো গোষ্ঠী যেন বাজার নিয়ন্ত্রণ করতে না পারে, সেজন্য কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

গুমের প্রসঙ্গ তুলে বিএনপির এই নেতা বলেন, এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত অনেকেই এখনও দেশে অবস্থান করছে। অথচ তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

তিনি প্রশ্ন রাখেন, “যারা গুমের সঙ্গে জড়িত, তাদের কেন রিমান্ডে নেওয়া হচ্ছে না?”

রিজভীর দাবি, সংশ্লিষ্টদের রিমান্ডে নিলেই গুম হওয়া বিএনপি নেতাদের সন্ধান পাওয়া সম্ভব হবে।

এ সময় গুম সংক্রান্ত অধ্যাদেশ নিয়েও সমালোচনা করেন তিনি। তার মতে, অন্তর্বর্তী সরকারের প্রণীত অধ্যাদেশে বেশ কিছু ফাঁকফোকর রয়েছে, যা সংশোধন করা প্রয়োজন।

তিনি বলেন, “এই আইনের দুর্বল দিকগুলো ঠিক করে আরও কার্যকর আইন প্রণয়ন করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ গুমের মতো নিষ্ঠুর পন্থা অবলম্বন করতে না পারে।”

রিজভী আরও বলেন, সরকার যে আইন করবে তা অবশ্যই মানবতার পক্ষে হতে হবে এবং জনগণের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে হবে।

Next Post Previous Post