ইনকিলাব মঞ্চের জরুরি সংবাদ সম্মেলন আজ যা জানা গেল
ভারতে গ্রেপ্তার হওয়া শহিদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত দেশে ফিরিয়ে এনে জিজ্ঞাসাবাদ এবং হত্যার নির্দেশদাতাদের বিচারের মুখোমুখি করার দাবিতে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।
সোমবার (৯ মার্চ) বিকেল ৫টার দিকে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে শহিদ হাদি চত্বরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সাম্প্রতিক সময়ে ভারতের পশ্চিমবঙ্গে এই হত্যাকাণ্ডে জড়িত কয়েকজনকে গ্রেপ্তারের পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
তাই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের দ্রুত বাংলাদেশে ফিরিয়ে এনে জিজ্ঞাসাবাদ করার মাধ্যমে প্রকৃত নির্দেশদাতা ও পরিকল্পনাকারীদের চিহ্নিত করার দাবি জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, “ভারতে গ্রেপ্তারকৃত শহিদ ওসমান হাদি হত্যার সাথে জড়িতদের দ্রুত দেশে ফিরিয়ে এনে জিজ্ঞাসাবাদপূর্বক খুনের নির্দেশদাতাদের বিচারের মুখোমুখি করবার দাবিতে ইনকিলাব মঞ্চের জরুরি সংবাদ সম্মেলন।”
সংগঠনটির নেতারা আশা করছেন, দ্রুত আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে গ্রেপ্তার ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনা হলে হত্যাকাণ্ডের পেছনের প্রকৃত কারণ ও পরিকল্পনাকারীদের পরিচয় সামনে আসবে।
