দায়িত্ব পালন শেষে ফেরার পথে ছিনতাইয়ের শিকার পুলিশ কর্মকর্তা
নারায়ণগঞ্জে ছিনতাইকারীর কবলে পড়েছেন জেলা পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই)। এ সময় তার কাছ থেকে একটি সরকারি পিস্তল ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। সোমবার (৯ মার্চ) সকাল পৌনে ৬টার দিকে শহরের বঙ্গবন্ধু সড়কের নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনের সামনে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার পুলিশ কর্মকর্তার নাম লুৎফর রহমান।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার। পুলিশ সূত্রে জানা গেছে, এএসআই লুৎফর রহমান ওই সময় দায়িত্ব পালন করছিলেন এবং অন-ডিউটিতে ছিলেন। দায়িত্ব পালনের এক পর্যায়ে তিনি টয়লেট ব্যবহারের জন্য তার টিম থেকে কিছু সময়ের জন্য আলাদা হয়ে যান। তার সঙ্গে ব্যক্তিগত মোটরসাইকেলও ছিল।
ঠিক সেই সময় ওত পেতে থাকা তিনজন ছিনতাইকারী তার পথরোধ করে। তারা দ্রুত তাকে ঘিরে ফেলে এবং তার সঙ্গে থাকা সরকারি পিস্তলটি ছিনিয়ে নেয়। ঘটনাটি ঘটে খুব দ্রুত এবং আকস্মিকভাবে, ফলে তিনি প্রতিরোধ করার সুযোগ পাননি বলে জানা গেছে। ঘটনার সময় লুৎফর রহমান পুলিশি পোশাক পরা অবস্থায় ছিলেন। এতে করে বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে।
পরে বিষয়টি জানাজানি হলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাটি গুরুত্বের সঙ্গে নেন এবং তাৎক্ষণিকভাবে অভিযান শুরু করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার জানান, ঘটনার সঙ্গে জড়িত ছিনতাইকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। ইতোমধ্যে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে এবং সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, ছিনিয়ে নেওয়া সরকারি পিস্তলটি দ্রুত উদ্ধার এবং জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলছে। পুলিশ কর্মকর্তারা আশা করছেন, দ্রুত সময়ের মধ্যেই ছিনতাইকারীদের শনাক্ত করে গ্রেপ্তার করা সম্ভব হবে এবং ছিনিয়ে নেওয়া অস্ত্রটিও উদ্ধার করা যাবে।
