ভারত ছেড়ে কেন লন্ডনে সংসারী হলেন বিরাট-আনুশকা? জানা গেল কারণ

 


ভারতের কিংবদন্তি ক্রিকেটার বিরাট কোহলি এবং বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার দেশ ছেড়ে পাকাপাকিভাবে লন্ডনে বসবাসের সিদ্ধান্ত নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে আলোচনা। তারকাখ্যাতির শীর্ষ চূড়ায় থেকেও এই দম্পতি কেন বিদেশের মাটিতে সাধারণ জীবন বেছে নিলেন, তা নিয়ে ভক্তদের কৌতুহলের শেষ নেই। 

সম্প্রতি বলিউডের অভিনেত্রী মাধুরী দীক্ষিতের স্বামী চিকিৎসক ড. শ্রীরাম নেনের একটি পুরোনো সাক্ষাৎকারের বক্তব্য সেই আলোচনাকে নতুন করে সামনে এনেছে। এক পডকাস্টে বিরাট-আনুশকার লন্ডনে চলে যাওয়ার প্রসঙ্গে কথা বলতে গিয়ে এই চিকিৎসক জানান, এ বিষয়ে একসময় আনুশকার সঙ্গেও তার কথা হয়েছিল।

ড. নেনের বক্তব্য অনুযায়ী, বিরাট ও আনুশকা এমন একটি পরিবেশ চেয়েছিলেন, যেখানে তারকাখ্যাতির বাইরে গিয়ে কিছুটা স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব। বিশেষ করে সন্তানদের এমন একটি পরিবেশে বড় করতে চেয়েছেন তারা, যেখানে অতিরিক্ত প্রচার ও মানুষের নজরদারির চাপ তুলনামূলকভাবে কম।


তিনি বলেন, ভারতে বিরাট ও আনুশকার চরম জনপ্রিয়তার কারণে তাদের কোথাও বের হওয়া, রেস্তোরাঁয় যাওয়া বা ব্যক্তিগত সময় উপভোগ করা অসম্ভব হয়ে পড়েছিল। সর্বক্ষণ ক্যামেরা, ভক্তদের ভিড় এবং ক্যামেরাবন্দি হওয়ার চাপ তাদের অস্বস্তিতে ফেলত। তাই নিজেদের সন্তানদের লাইমলাইট ও অতিরিক্ত প্রচারের আলো থেকে দূরে রেখে একটি সাধারণ ও নিরিবিলি পরিবেশে বড় করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। 



ভারতে থাকলে সাফল্য কিংবা পারিবারিক সময় পুরোপুরি গোপনীয়ভাবে উপভোগ করা সম্ভব হচ্ছিল না। লন্ডন তাদের সেই স্বাধীনতা ও ব্যক্তিগত পরিসর (প্রাইভেসি) দিয়েছে। তাই সব কোলাহল এড়িয়ে পরিবারের সুরক্ষায় লন্ডনকেই উপযুক্ত গন্তব্য হিসেবে বেছে নেন এই তারকা দম্পতি বলে জানান ড. নেনে। 

Next Post Previous Post