জ্বালানির সংকট যদি না থাকে, তবে লম্বা লাইন কেন:রুমিন ফারহানা
দেশে জ্বালানির কোনো সংকট নেই—সরকারের এমন দাবির মধ্যেই রাস্তায় দীর্ঘ লাইনের কারণ নিয়ে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য Rumeen Farhana।
রোববার (১৯ এপ্রিল) ডেপুটি স্পিকার Qaisar Kamal-এর সভাপতিত্বে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি বলেন, ‘জ্বালানির কোনো সংকটই যদি না থাকে, তবে এত লম্বা লাইন কেন? কেন দাম বাড়ানো হচ্ছে? কেন অফিস সময় পরিবর্তন করতে হচ্ছে?’
তিনি বলেন, “‘কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল যে, কাদম্বিনী মরে নাই’। শেষ পর্যন্ত তেলের দাম বৃদ্ধি করা হয়েছে। কিন্তু তার আগে আমরা দেখেছি কয়েক কিলোমিটারজুড়ে লম্বা লাইন। মাঝরাত পর্যন্ত চালকরা দাঁড়িয়ে থেকেও তেল পাচ্ছেন না। অথচ সরকারের এ বিষয়ে তেমন কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি।”
রুমিন ফারহানা আরও বলেন, সংসদে মন্ত্রীরা বারবার বলছেন দেশে জ্বালানির কোনো ঘাটতি নেই, কিন্তু বাস্তবে পাম্পে গিয়ে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। “তিন কিলোমিটার পর্যন্ত লাইন—এটা কি সংকটের লক্ষণ নয়?”—এমন প্রশ্ন তোলেন তিনি।
তিনি জানান, সরকার কিছু পদক্ষেপ নেওয়ার কথা বলেছে, যেমন—বাজার সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখা এবং অফিস-আদালতের সময়সূচি পরিবর্তন করা। তবে তিনি মনে করেন, এসব পদক্ষেপ বাস্তব পরিস্থিতির সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়।
তিনি সংসদের মাধ্যমে জানতে চান, দেশে বর্তমানে কত দিনের অকটেন ও ডিজেলের মজুত রয়েছে এবং কেন পাম্পগুলো পর্যাপ্ত জ্বালানি পাচ্ছে না।
এই বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান তিনি।
