চুয়াডাঙ্গায় স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
চুয়াডাঙ্গায় স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের দায়ে মো. সালাম নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মোক্তাগীর আলম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত সালাম দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৩ মার্চ দশম শ্রেণির এক শিক্ষার্থী প্রাইভেট পড়তে যাওয়ার সময় তাকে অপহরণ করে সালাম। পরে ভিকটিমকে বিভিন্ন স্থানে আটকে রেখে ভুয়া বিয়ের প্রলোভন দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করা হয়।
দীর্ঘ তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা এসআই হারুন অর রশীদ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালতে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া আইনের ৭ ধারায় তাকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। উভয় সাজা পর্যায়ক্রমে কার্যকর হবে।
ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর এম এম শাহজাহান মুকুল বলেন, বর্তমান সামাজিক প্রেক্ষাপটে ধর্ষণের ঘটনা প্রতিরোধে এ রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি এ রায়ে সন্তোষ প্রকাশ করেন।
রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। রাষ্ট্রপক্ষ ও ভুক্তভোগী পরিবার এ রায়ে সন্তোষ প্রকাশ করেছে।
