বিএনপি অফিসে ককটেল বিস্ফোরণ ও গুলি, এলাকায় চরম উত্তেজনা।
কুষ্টিয়ার ভেড়ামারা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলুর অফিস লক্ষ্য করে গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (৭ মার্চ) রাত ৯টার দিকে ভেড়ামারার দক্ষিণ রেলগেট সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
এ সময় অফিসের পাশে থাকা এক চা দোকানদার গুলিবিদ্ধ হয়ে আহত হন। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের দিকে ৪ থেকে ৫ জন দুর্বৃত্ত আগ্নেয়াস্ত্র ও ককটেল নিয়ে হঠাৎ করে পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলুর অফিসের সামনে উপস্থিত হয়। তারা প্রথমে অফিসের সামনে এসে উচ্চস্বরে গালিগালাজ করতে থাকে এবং সেখানে উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় তারা উপজেলা যুবদল নেতা ও বালু ব্যবসায়ী উজ্জ্বল স্বর্ণকারকে খুঁজতে থাকে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। কিছুক্ষণ পরই দুর্বৃত্তরা অফিস লক্ষ্য করে এলোপাতাড়ি ৬ থেকে ৭ রাউন্ড গুলি ছোড়ে এবং পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।
গুলির শব্দ ও ককটেল বিস্ফোরণে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় অফিসের পার্শ্ববর্তী একটি চা দোকানে অবস্থান করছিলেন দোকানদার শুকুর আলী। হঠাৎ ছোড়া একটি গুলি এসে তার গলায় লাগে এবং তিনি গুরুতর আহত হন। আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। হামলার সময় অফিসের পাশে থাকা কয়েকটি দোকানের ক্ষয়ক্ষতিও হয়েছে। বিশেষ করে পাশের একটি দোকানে থাকা কয়েকটি অ্যাকুরিয়াম ভেঙে যায় এবং দোকানের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় পৌর ও উপজেলা বিএনপির বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতাকর্মী ওই অফিসে অবস্থান করছিলেন।
তবে গুলি ও ককটেল বিস্ফোরণের পর সবাই আতঙ্কিত হয়ে পড়েন। হামলার পরপরই দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। এ ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করে। স্থানীয় ব্যবসায়ী আবুল হোসেন বলেন, শনিবার সারাদিনই ভেড়ামারার রাজনৈতিক পরিস্থিতি ছিল উত্তপ্ত। সকালে উপজেলার বাহাদুরপুর এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে দুপুরের দিকে বাহিরচর ইউনিয়নের টিকটিকি পাড়ার একটি বালুঘাটে বিএনপির একটি পক্ষ অন্য পক্ষের অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে।
এ সময় কয়েকটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়। তার মতে, দিনের বেলার সেই উত্তেজনার ধারাবাহিকতায় রাতের এই হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। গুলিবিদ্ধ চা দোকানদার শুকুর আলী জানান, তিনি তার দোকানে বসে ছিলেন। হঠাৎ করেই গুলির শব্দ শুনতে পান এবং কিছু বুঝে ওঠার আগেই একটি গুলি এসে তার গলায় লাগে। তিনি বলেন, কয়েকজন দুর্বৃত্ত অফিসের দিকে গুলি ছোড়ে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। এদিকে পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু বলেন, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে তার অফিসে হামলা চালিয়েছে। তিনি বলেন, “আমার অফিস লক্ষ্য করে গুলি ও ককটেল নিক্ষেপ করা হয়েছে।
এতে পাশের চা দোকানি শুকুর আলী গুলিবিদ্ধ হয়েছে। তারা আমার অফিস গুঁড়িয়ে দেওয়ার হুমকিও দিয়েছে।” তিনি আরও বলেন, তিনি রাজনীতির পাশাপাশি প্রথম শ্রেণীর একজন ঠিকাদার হিসেবে কাজ করেন এবং শত্রুতা বা পূর্ব বিরোধের জের ধরেই কেউ এ ধরনের হামলা চালিয়ে থাকতে পারে। এ বিষয়ে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, দক্ষিণ রেলগেট এলাকায় গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
এতে একজন আহত হয়েছেন। বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে এবং জড়িত দুর্বৃত্তদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে বলে তিনি জানান।
