চুরি হওয়া জিওব্যাগ ফেরতে ১২ ঘণ্টার আলটিমেটাম; এলাকায় তোলপাড়

 


শরীয়তপুরের চরভাগা এলাকায় পদ্মা নদীর ডান তীর রক্ষা বাঁধের ‘সোনার বাংলা অ্যাভিনিউ’ অংশ থেকে জিওব্যাগ চুরির ঘটনায় জড়িতদের আগামী ১২ ঘণ্টার মধ্যে জিওব্যাগ ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য সফিকুর রহমান কিরণ। নির্ধারিত সময়ের মধ্যে জিওব্যাগ ফেরত না দিলে সংশ্লিষ্টদের বাড়ি বাড়ি তল্লাশি চালানো হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি। মঙ্গলবার (১০ মার্চ) শরীয়তপুরের সখিপুর থানা বিএনপির উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। এ সময় তিনি সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

সংসদ সদস্য সফিকুর রহমান কিরণ বলেন, পদ্মা নদীর ভয়াবহ ভাঙন থেকে চরভাগাসহ আশপাশের বিস্তীর্ণ জনপদকে রক্ষার জন্য সরকার ডান তীর রক্ষা বাঁধ নির্মাণ ও সংরক্ষণে বিপুল অর্থ ব্যয় করছে। বাঁধের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে জিওব্যাগ বসানো হয়েছে, যা নদীর তীব্র স্রোতের চাপ কমিয়ে বাঁধকে স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু কিছু অসাধু ব্যক্তি রাতের আঁধারে এসব জিওব্যাগ চুরি করে নিয়ে যাচ্ছে, যা বাঁধের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি সৃষ্টি করছে। তিনি বলেন, যদি এই জিওব্যাগ সরিয়ে নেওয়া হয়, তাহলে নদীর স্রোতের চাপ সরাসরি বাঁধের ওপর পড়বে এবং এতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা তৈরি হতে পারে।

তিনি আরও বলেন, যারা এই জিওব্যাগ চুরির সঙ্গে জড়িত, তাদের দ্রুত এই অপকর্ম বন্ধ করতে হবে এবং চুরি করা জিওব্যাগ ফেরত দিতে হবে। অন্যথায় প্রশাসনের মাধ্যমে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে অভিযান চালিয়ে জড়িতদের আইনের আওতায় আনা হবে। তিনি স্পষ্টভাবে জানান, নির্ধারিত সময়ের মধ্যে জিওব্যাগ ফেরত না দিলে প্রশাসন সংশ্লিষ্ট এলাকার বাড়ি বাড়ি তল্লাশি চালাবে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য আরও বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি কাজ করে যাচ্ছেন। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের আগে এলাকার উন্নয়ন, নদীভাঙন রোধ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার যে অঙ্গীকার তিনি করেছিলেন, তা অক্ষরে অক্ষরে বাস্তবায়নের চেষ্টা করছেন। তিনি বলেন, এলাকার উন্নয়ন ও মানুষের নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের অনিয়ম বা অবৈধ কর্মকাণ্ড বরদাশত করা হবে না।

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দলের কেউ যদি কোনো অপকর্মে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তাহলে তদন্তের ভিত্তিতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে দল থেকেও বহিষ্কার করা হবে। তিনি সবাইকে আইন মেনে চলার আহ্বান জানান এবং এলাকার উন্নয়নে সহযোগিতা করার জন্য স্থানীয়দের প্রতি অনুরোধ করেন।

সখিপুর থানা বিএনপির আহ্বায়ক এস এম হামিদের সভাপতিত্বে এবং সদস্য সচিব মাজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি মাহফুজুর রহমান বাচ্চু সরকার, নড়িয়া উপজেলা বিএনপির সভাপতি মুন্সি শামসুল আলম দাদন, সখিপুর থানা যুবদলের সভাপতি মোস্তাক আহমেদ মাসুম বালা, সাধারণ সম্পাদক কামরুল হাসান রাজীব সরদারসহ নড়িয়া ও সখিপুর এলাকার বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এছাড়া বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক এবং প্রায় পাঁচ হাজার মানুষ অনুষ্ঠানে অংশ নেন। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ২০২৩ সালের জানুয়ারি মাসে পানিসম্পদ মন্ত্রণালয় ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড প্রায় ৫৯২ কোটি টাকা ব্যয়ে ৫ দশমিক ৮ কিলোমিটার দীর্ঘ স্থায়ী ডান তীর রক্ষা বাঁধ নির্মাণের কাজ শুরু করে। বর্তমানে এই প্রকল্পের কাজ চলমান রয়েছে এবং নদীভাঙন থেকে শরীয়তপুরের বিস্তীর্ণ এলাকা রক্ষার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো হিসেবে বিবেচিত হচ্ছে।

Next Post Previous Post